নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী-সমর্থকদের চারটি বাড়ি, দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতকর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, বিএনপি নেতা মিজানুর রহমান কালামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী হারুন অর রশিদের বাড়ি, তার ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের কুঁড়ে ঘরে আগুন দিয়ে পুড়ে দেয়। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হয়।
একই ইউনিয়নের মোস্তফা মাস্টার, ৪নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। পাটিখালঘাটা বাজারের ঔষধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলা করে। পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা।
এ সব ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
https://slotbet.online/